চাঁদপুরে আলোচিত মামলায় যমজ সন্তানের দায়িত্ব পেলেন বাবা-মা

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

অবশেষে চাঁদপুরে আলোচিত যমজ সন্তানদের লালন-পালনের দায়িত্ব পেলেন তাদের বাবা ও মা। রোববার (১৯ অক্টোবর) চাঁদপুরের সাতধারা আদালতে উভয়পক্ষের আইনজীবী ও বাবা-মায়ের সম্মতিতে এ আদেশ দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, যমজ সন্তানের পিতা তারেক গত ৯ অক্টোবর সাবেক স্ত্রীর দায়ের করা এক মামলায় সংক্ষুব্ধ হন। পরে সন্তানদের ফিরে পেতে তিনি ১৬ অক্টোবর বৃহস্পতিবার আদালতে ১০০ ধারায় মামলা করেন। ওই মামলার শুনানি শেষে আজ (রোববার) উভয়পক্ষের সম্মতিতে বিচারক সন্তানের দায়িত্ব ভাগাভাগি করার আদেশ দেন।

বাদীপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, আর বিবাদীপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির।

উভয়পক্ষের আইনজীবীরা আদালতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। বিবাদী পক্ষের আইনজীবী বলেন, বর্তমান আইনের ধারায় ছেলে সন্তান ৭ বছর পর্যন্ত এবং কন্যাসন্তান ১৬ বছর পর্যন্ত মায়ের জিম্মায় থাকার বিধান রয়েছে।

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী বলেন, গত ১২ দিন সন্তানরা মায়ের কাছে ভালো ছিল না এবং বিবাদী আদালতের কয়েকটি শর্ত ভঙ্গ করেছেন। বিগত ১০ মাস সন্তানদের কোনো খোঁজও নেননি এই মা, অথচ এতদিন সন্তানরা তাদের বাবার সঙ্গেই ছিল।

বিচারক শুনানি চলাকালীন ফরিদগঞ্জ থানা পুলিশের মাধ্যমে যমজ সন্তানদের এজলাসে ডেকে কথা বলেন। একপর্যায়ে তিনি উভয় পিতা-মাতাকে সন্তানদের সঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ দেন এবং পুরো বিষয়টি নিজে পর্যবেক্ষণ করেন।

এর আগে, শনিবার (১৮ অক্টোবর) আদালতের নির্দেশে ফরিদগঞ্জ থানা পুলিশ মায়ের জিম্মা থেকে সন্তানদের থানায় নিয়ে আসে এবং রোববার আদালতে হাজির করে।

উল্লেখ্য, যমজ সন্তানের পিতা তারেক গত ৯ অক্টোবর সাবেক স্ত্রীর এক মামলায় সংক্ষুব্ধ হয়ে আদালত প্রাঙ্গণে বিলাপ করেন। সন্তান ছাড়া একা থাকতে হবে—এই বিষয়টি তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি।

সর্বশেষ নিউজ