ষড়যন্ত্রের জালে বিএনপির নতুন প্রার্থী, পেছনে এলডিপি ও জামায়াতের ছায়া

জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো জামালপুরেও শুরু হয়েছে বিএনপির এমপি মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা। প্রার্থীরা শহর থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে গ্রাম—সবখানেই দৌড়ঝাঁপ করছেন। ব্যানার-ফেস্টুনে ভরে গেছে গুরুত্বপূর্ণ স্থানগুলো।

এই দৌড়ঝাঁপের ব্যতিক্রম নয় সরিষাবাড়ী উপজেলা নিয়ে গঠিত জামালপুর–৪ আসন। এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম।

আওয়ামী লীগ সরকারের সময়ে ২৪৮টি মামলার আসামি হিসেবে পরিচিত শামীম তালুকদার নিজের জমি বিক্রি করে টানা ১৫ বছর ধরে দলের প্রায় ১০ হাজার নেতাকর্মীর মামলার খরচ বহন করেছেন। দলের কঠিন সময়ে পাশে থাকার কারণে তিনি এলাকায় একজন জনপ্রিয় ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। তিনি বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ভাতিজা।

অন্যদিকে, একই আসনে এমপি পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে সম্প্রতি মাঠে নেমেছেন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা সালিনা বেগম আরুণী। দীর্ঘ ২৬ বছর পর গত ২০ আগস্ট বাবার মৃত্যুবার্ষিকীর দিনে সরিষাবাড়ীতে ফিরে আসেন তিনি। এরপর থেকেই নিজেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা দেন। তবে তিনি বেশির ভাগ সময় কাটাচ্ছেন রাজধানী ঢাকায়; এখন পর্যন্ত তিনবার সরিষাবাড়ীতে গণসংযোগ করেছেন বলে জানা গেছে।

সরিষাবাড়ী এলাকায় ঘুরে এবং স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়—সালিনা বেগম আরুণীর পেছনে রয়েছেন এলডিপি, জামায়াত ও বিএনপি থেকে ছিটকে পড়া কিছু সুযোগসন্ধানী নেতা। যারা আওয়ামী লীগ সরকারের টানা সময়কালে দলের বাইরে ছিলেন এবং কোনো মিছিল-মিটিং বা দলীয় কর্মসূচিতে অংশ নেননি। এতে স্থানীয় ত্যাগী নেতাদের মধ্যে ক্ষোভ ও অস্বস্তি দেখা দিয়েছে।

সরিষাবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহেল রানা বলেন, সালিনা বেগম আরুণী দুই মাস আগে হঠাৎ বিএনপির প্রার্থী হিসেবে মাঠে নামেন। তার পাশে দেখা যায় এলডিপি, জামায়াত ও আওয়ামী লীগের ভাড়াটে কিছু বিতর্কিত মুখ। এই নাটকের নেপথ্যে রয়েছেন সালাম তালুকদারের ভাতিজা হুমায়ুন কবির তালুকদার।

তিনি আরও বলেন, হুমায়ুন কবির তালুকদার সাবেক প্রতিমন্ত্রী মরহুম আনোয়ারুল কবির তালুকদারের ভাই। এলডিপি গঠনের সময় তিনি সদস্য ফরম বিতরণের দায়িত্বে ছিলেন এবং তখন বিএনপিকে দুর্বল করার চেষ্টা করেন। এখন আবার একই প্রক্রিয়া শুরু করেছেন সালিনা আরুণীকে সামনে রেখে।

সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান মিলন বলেন, সরিষাবাড়ীর সাবেক সাংসদ মুরাদ হাসান শহীদ জিয়া ও মরহুম সালাম তালুকদারকে নিয়ে যখন কটূ মন্তব্য করেন, তখন একমাত্র শামীম তালুকদারই প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন। অন্যদিকে হুমায়ুন কবির তালুকদার তখন মুরাদ হাসানের বাসায় ২৫ হাজার টাকার মাছ নিয়ে গিয়েছিলেন—যা মুরাদ নিজেই এক অনুষ্ঠানে বলেছেন। এতে বোঝা যায়, কে দলের প্রতি অনুগত, আর কে স্বার্থান্বেষী।

সরিষাবাড়ী থানা যুবদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বলেন, আরুণীর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছেন সরিষাবাড়ী জামায়াতের সাবেক পৌর আমির ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী হাজি সোহেলের বড় ভাই সহিদুল্লাহ শহীদ। এই বিষয়টি বিভিন্ন ভিডিওতেও দেখা গেছে।

এসব বিষয়ে জানতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সালিনা বেগম আরুণীর সঙ্গে শনিবার দুপুরে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, কেন্দ্রীয় নির্দেশ রয়েছে—দলীয় কর্মসূচিতে অন্য দলের কেউ যেন সম্পৃক্ত না হয়। আমরা লক্ষ্য করছি, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা কিছু ব্যক্তি এখন মনোনয়নপ্রত্যাশী হয়ে মাঠে নেমেছেন। বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখা হবে।

সর্বশেষ নিউজ