মনসুর আলী মেডিকেল কলেজ থেকে ক্যাথ–ল্যাব সরানোর প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি
spot_img
spot_img

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২০ কোটি টাকা মূল্যের আধুনিক কার্ডিয়া ক্যাথ–ল্যাব মেশিন অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় চিকিৎসক, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতারা।

রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরাম। এতে চিকিৎসক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে বিশাল অবকাঠামো থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অসংখ্য পদ শূন্য রয়েছে। পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান না থাকায় হাসপাতালের অনেক বিভাগই অচল অবস্থায় পড়ে আছে। ফলে রোগীরা পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না।

এক বক্তা বলেন, “সরকার কোটি কোটি টাকা ব্যয়ে এই হাসপাতাল নির্মাণ করেছে। অথচ পর্যাপ্ত জনবল না থাকায় অনেক বিভাগই কার্যত অচল হয়ে গেছে।”

বক্তারা আরও জানান, ২০ কোটি টাকায় কেনা আধুনিক ক্যাথ–ল্যাব মেশিনটি হাসপাতালের জন্য বরাদ্দ দেওয়া হলেও এখনো চালু হয়নি। এই মেশিনের মাধ্যমে হার্টের রোগীদের এনজিওগ্রাম ও রিং বসানোর মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব। কিন্তু সেটি চালু না করে ঢাকায় স্থানান্তরের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন তারা।

সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরামের আহ্বায়ক ও ড্যাব জেলা সভাপতি ডা. আব্দুল লতিফ বলেন, “এটি সিরাজগঞ্জবাসীর প্রতি চরম অবিচার। এ অঞ্চলের হৃদরোগীরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।”

মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি জানানো হয়—
১. শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সব শূন্যপদ দ্রুত পূরণ,
২. প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান নিয়োগ,
৩. ২০ কোটি টাকার ক্যাথ–ল্যাব মেশিন অবিলম্বে চালু করা,
৪. হাসপাতালের অবকাঠামো ও সেবাখাতের উন্নয়ন,
৫. হাসপাতাল বা সরঞ্জাম সরানোর যে কোনো ষড়যন্ত্র রোধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ডা. এম মুরাদ (অধ্যাপক, সার্জারি বিভাগ), মির্জা মোস্তফা জামান (জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক), খোরশেদ আলম মিন্টু (ছাত্র বিষয়ক সম্পাদক), জিন্না সরদার (সহ–প্রচার সম্পাদক), আসলাম উদ্দিন (জেলা বিএনপির সদস্য), নিয়ামুল হাকিম সাজু (সাবেক শ্রমিক দল সাধারণ সম্পাদক), ডা. আব্দুল আজিজ, ডা. চুমকি প্রমুখ।

সর্বশেষ নিউজ