ফরিদপুরে ট্রাকচাপায় জামায়াত নেতা অ্যাডভোকেট মোসাদ্দেক নিহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
spot_img
spot_img

ফরিদপুরে ট্রাকচাপায় জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর যুব বিভাগের সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির (৪২) নিহত হয়েছেন। এ সময় তাঁর মোটরসাইকেলের চালক ও মহুরি মজিবুর রহমান গুরুতর আহত হন।

রবিবার (২৬ অক্টোবর) রাত আটটার দিকে ফরিদপুর–খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোসাদ্দেক আহমেদ বশির সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁরহাট এলাকার মৌলভী ইসাহাক কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে একটি দলীয় কর্মসূচি শেষে কানাইপুরে মাগরিবের নামাজ আদায় করেন মোসাদ্দেক আহমেদ বশির। পরে সহকারী মজিবুর রহমানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শহরের দিকে ফিরছিলেন। বদরপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে যান। এ সময় আরেকটি ট্রাক মোসাদ্দেককে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মৃ*ত্যুবরণ করেন।

আহত মজিবুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার খবর পেয়ে জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দিন, নায়েবে আমির ইমতিয়াজ আহমেদ ও সদর উপজেলা আমির মাওলানা জসীমউদ্দিন হাসপাতালে গিয়ে আহত মজিবুর রহমানের খোঁজখবর নেন এবং মরদেহ দেখতে যান।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, মোসাদ্দেক আহমেদ বশির মোটরসাইকেলে কানাইপুর থেকে শহরের দিকে যাচ্ছিলেন। বদরপুর এলাকায় একটি অজ্ঞাত ট্রাক তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃ*ত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সর্বশেষ নিউজ