পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে পিস্তল ও ফেনসিডিল উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের ভারতীয় সীমান্ত এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলিসহ ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ টাস্কফোর্স।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা সীমান্ত এলাকার পশ্চিমপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোয়েন্দা সংস্থা এবং বিজিবি সদস্যরা অংশ নেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুদ্দুস নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাড়ির পূর্ব পাশের একটি খড়ের ঘরের মাটির নিচে পুতে রাখা অবস্থায় দেশীয় তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ছয় বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিযানের সময় কুদ্দুস ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের পরিদর্শক এএসএম মঈনউদ্দীন কবির বলেন, “বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। জব্দকৃত পিস্তল থানায় হস্তান্তর করা হচ্ছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”
সূত্র জানায়, উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্য সংক্রান্ত ফুটেজ ও স্থিরচিত্র টাস্কফোর্স অভিযানের এফটিপিতে সংরক্ষিত আছে।

