চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ: নভেম্বরের মধ্যে গণভোটের দাবি

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখা।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের বাইতুল আমিন জামে মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক মিছিল এসে সমবেত হয় সেখানে। পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশনে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ফরিদগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। একই সঙ্গে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।”

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সেক্রেটারি ও সদর–হাইমচর আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সদর আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর শিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা “এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার”, “পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে, দিয়ে দাও”, “জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা” — এমন নানা স্লোগান দেন।

সর্বশেষ নিউজ