বিএনপি অফিসে খাদ্য বান্ধব কর্মসূচির ৪২৮ বস্তা চাল! এলাকায় চাঞ্চল্য

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুত থাকার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে দেখা যায়, ইউনিয়ন বিএনপির কার্যালয়টি বাইরে থেকে তালাবদ্ধ, তবে ভেতরে শত শত বস্তা চাল মজুত অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে অফিসটি বন্ধ থাকলেও হঠাৎ এ চাল রাখার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানামুখী আলোচনা শুরু হয়েছে।

জেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর সন্ধ্যায় সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৪২৮ বস্তা (১২ টন ৮ শত ৪০ কেজি) পুষ্টি উপাদান মিশ্রিত চাল ইউনিয়নে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, এই চাল দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মধ্যে বিতরণের পরিবর্তে রাজনৈতিক কার্যালয়ে মজুত রাখা হয়েছে, যা সরকারি কর্মসূচির অপব্যবহার হিসেবে গণ্য হচ্ছে।

তরপুরচন্ডী ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আইয়ুব আলী বিষয়টি স্বীকার করে বলেন,
আমার ভুল হয়েছে, আমি দ্রুত চাল বিতরণের ব্যবস্থা নিচ্ছি।

খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চলতি বছর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই চার মাস চাল বিতরণের কথা রয়েছে। তবে আগস্ট মাসের চাল এখনো বিতরণ না হওয়ায় এবং তা রাজনৈতিক কার্যালয়ে মজুত রাখার ঘটনায় জনগণের মনে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের দাবি উঠেছে, যাতে সরকারি সহায়তা প্রকৃত প্রাপকের হাতে পৌঁছায় এবং সরকারি কর্মসূচি রাজনৈতিক প্রভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

সর্বশেষ নিউজ