চাঁদপুর সদর উপজেলার ৮ নম্বর বাগাদাদী ইউনিয়নের চৌরাস্তা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুর–৩ (সদর–হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে চৌরাস্তা বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর–৩ (সদর–হাইমচর) আসনের এমপি প্রার্থী, সাবেক উপজেলা ভাইস–চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কষ্ট আমাদের হৃদয় বিদারক করেছে। এমন দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক নয়, সামাজিক দায়িত্বও বটে। জামায়াতে ইসলামী সব সময় জনগণের দুঃখ–দুর্দশায় পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন—এ জন্য আমরা সার্বিক সহযোগিতা অব্যাহত রাখব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী এবং উপজেলা কর্মপরিষদ ও শুরা সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নম্বর বাগাদাদী ইউনিয়ন সভাপতি মাওলানা মো. বেলায়েত হোসেন খান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মো. ডাক্তার আলী হোসাইন।
এ সময় আরো বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাদাদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোশারফ হোসেন গাজী, বিশিষ্ট ব্যবসায়ী মো. হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আজ জীবিকার তাগিদে কঠিন পরিস্থিতির মুখোমুখি। সমাজের বিত্তবান ব্যক্তি ও রাজনৈতিক সংগঠনগুলোর উচিত এমন দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো।
অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জামায়াতের নেতৃবৃন্দ।

