বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ, থানায় জিডি

জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img

জামালপুর শহরের দাপুনিয়া এলাকায় প্রবাসী পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় জামালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী তাসমিনা জামান (৪১)।

গত মঙ্গলবার জামালপুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে জিডিটি করেন তাসমিনা জামান। তিনি জামালপুর শহরের চামড়াগুদাম মোড় এলাকার মো. কামরুজ্জামানের স্ত্রী।

অভিযুক্তরা হলেন—জামালপুর পৌরসভার লাঙ্গলজোড়া এলাকার মৃত হামিদ শেখের ছেলে ও ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুর রহমান (৪৮), চন্দ্রা এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে ও জেলা তাতী দলের সদস্য সচিব মাসুদুর রহমান, কুর্শা লাঙ্গলজোড়া গ্রামের হাবিল উদ্দিনের ছেলে ও সাবেক ছাত্রদল নেতা তানজিনুল ইসলাম (২৯), দাপুনিয়া এলাকার মৃত জবেদ আলীর ছেলে মো. মনোয়ার হোসেন (৫০) এবং একই গ্রামের মো. আ. গণির ছেলে ও জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসেম (৩৭)।

জিডিতে তাসমিনা জামান উল্লেখ করেন, দুই বছর আগে মো. সাইফুল আলমের কাছ থেকে ৮ দশমিক ৫০ শতাংশ জমি ক্রয় করেন তাঁরা। ওই জমির মৌজা দাপুনিয়া, সিএস খতিয়ান নং–১৪৯, আরএস নং–১২৫, বিআরএস নং–১৩৩, খারিজ খতিয়ান নং–৮৬১। পর্চার দাগ নং–২৯৭, আরএস দাগ নং–৩৪৭, বিআরএস দাগ নং–৪৮৯ এবং শ্রেণি ‘কান্দা’।

তাসমিনা অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জমিটি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছিলেন। চলতি বছরের ২৯ জুলাই বিকেলে তাঁরা জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ শুরু করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাঁকে প্রাণনাশের ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। বর্তমানে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি বলেন, “আমরা প্রবাসী পরিবার। দেশের বাইরে থেকে কষ্টার্জিত অর্থে জমিটি কিনেছি। হঠাৎ করে কয়েকজন এসে দখল করে নিলো। ওই জমিতে এখন মোছা. রাবেয়া খাতুন নামে এক নারী সাইনবোর্ড টানিয়ে পৈত্রিক সম্পত্তি দাবি করছেন। আমি এর বিচার চাই।”

তাসমিনা জামানের স্বামী মো. কামরুজ্জামান বলেন, “আমরা রেমিট্যান্স যোদ্ধা। কষ্টের টাকায় কেনা জমি বিএনপি নেতারা দখল করে নিয়েছে। আমরা তিনবার মেপে জমিটি কিনেছি, তখন কেউ আপত্তি জানায়নি। এখন তারা দলীয় প্রভাব খাটিয়ে দখল করছে।”

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মোমিনুর রহমান বলেন, “আমরা কয়েকজন মিলে রাবেয়া খাতুনের কাছ থেকে ওয়ারিশসূত্রে পাওয়া জমিটি বায়না করেছি। তখন সেখানে কোনো খুঁটি বা সাইনবোর্ড ছিল না। রাবেয়া খাতুন আমাদের জমি বুঝিয়ে দিয়েছেন। পরে কামরুজ্জামানের পরিবার এসে জমিটি তাদের দাবি করে। আমরা আদালতের আইনজীবী সমিতি ও থানায় বৈঠক করেছি। এখন বিষয়টি কাগজের মাধ্যমে নির্ধারিত হবে। যদি তাঁদের কাগজ ঠিক থাকে, আমরা জমি ছেড়ে দেবো; না থাকলে আমরা থাকবো। এখানে কোনো দলীয় প্রভাব নেই।”

তিনি আরও বলেন, “এই বিষয়ে আমার দলের শীর্ষ নেতারা জানেন। আমরাও থানায় একটি জিডি করেছি।”

এ বিষয়ে জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল মাসুদ বলেন, “বিষয়টি আমার জানা নেই। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।”

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “আমরা একটি জিডি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ নিউজ