দরিদ্র নারীদের সহায়তায় সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি ভিজিডি (ভালনারেবল উইমেন বেনিফিট) কার্ডের সুবিধা পেয়েছেন জনপ্রতিনিধির স্ত্রী— এমন অভিযোগ উঠেছে জামালপুরের মেলান্দহে। ঘোষেরপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম গোপনে নিজের স্ত্রীর নামে ভিজিডি কার্ড নিয়েছেন বলে জানা গেছে।
সরকারের এই কর্মসূচি মূলত বিধবা, স্বামী পরিত্যক্তা, অসুস্থ বা প্রতিবন্ধী স্বামীসহ দরিদ্র নারীদের খাদ্যসহায়তা দেওয়ার উদ্দেশ্যে চালু করা হয়েছে। কিন্তু ঘোষেরপাড়া ইউনিয়নের তালিকায় দেখা যায়, চেয়ারম্যান আমিনুল ইসলামের স্ত্রী স্বপ্না খাতুনের নামও রয়েছে সুবিধাভোগীর তালিকায়। সেখানে স্বপ্না খাতুনের স্বামীর নামের স্থানে গোপনে লেখা হয়েছে তাঁর পিতা আব্দুল হামিদের নাম। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান ইচ্ছাকৃতভাবে নিজের নাম গোপন করে স্ত্রীর নামে কার্ড সংগ্রহ করেছেন।
ঘটনা প্রকাশ পেলে এলাকায় শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। ইউনিয়নের একাধিক ইউপি সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা শুধু অনৈতিক নয়, আইনবিরুদ্ধও। ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী কোনো জনপ্রতিনিধি তাঁর পরিবারের সদস্যকে সরকারি সুবিধা দিতে পারেন না।” তাঁরা দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ছবিলাপুর গ্রামের বাসিন্দা বাতেন মিয়া বলেন, “যাদের সন্তান না খেয়ে ঘুমায়, তাদের জন্য সরকারের এই সহায়তা। অথচ একজন জনপ্রতিনিধি নিজের স্ত্রীকে সুবিধাভোগী বানিয়ে গরিবের হক মেরেছেন— এটা লজ্জাজনক।”
ইউনিয়নের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। তবে সরকারি নির্দেশনায় স্পষ্ট বলা আছে, কোনো জনপ্রতিনিধির পরিবারের সদস্যকে এই কার্ড দেওয়া যাবে না।”
অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমার এক ফুফাত বোন প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন। তার জন্যই স্ত্রীর নামে কার্ড করেছি।”
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। জামালপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মঞ্জুর আলম বলেন, “জনপ্রতিনিধি বা তাদের পরিবারের সদস্যরা কোনোভাবেই ভিজিডি কার্ডের সুবিধাভোগী হতে পারেন না। আমরা বিষয়টি তদন্ত করছি।”
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. আলমগীর বলেন, “আমি আগে বিষয়টি জানতাম না। এখন তদন্তের নির্দেশ দিয়েছি। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

