বাংলাবান্ধা সীমান্তে দেশের সর্বোচ্চ পতাকাস্ট্যান্ডে উড়ছে লাল-সবুজের গৌরব

পঞ্চগড় প্রতিনিধি
spot_img
spot_img

দেশের উত্তর প্রান্তের সীমান্ত পঞ্চগড়ের বাংলাবান্ধায় উড়ছে লাল-সবুজের গৌরবময় পতাকা। মঙ্গলবার (৪ নভেম্বর) উদ্বোধন করা হয়েছে দেশের সর্বোচ্চ পতাকাস্ট্যান্ড। ১১৭ ফুট উচ্চতার ওই স্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় ৩০ ফুট বাই ১৮ ফুট আয়তনের জাতীয় পতাকা।

বাংলাবান্ধা স্থলবন্দর থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা পতাকা বহন করে নিয়ে যায় উদ্বোধনস্থলে। এরপর ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় দেশের সর্বোচ্চ পতাকাস্ট্যান্ডের। জাতীয় সংগীতের তালে তালে উড়ানো হয় রক্তে অর্জিত স্বাধীনতার প্রতীক লাল-সবুজের পতাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পতাকা উত্তোলনের পর উপজেলা প্রশাসনের কাছ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে।

৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই পতাকাস্ট্যান্ডকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকায়। স্থানীয় শিক্ষক ফজলে করিম বলেন, “আমার দেশের পতাকা সবচেয়ে উঁচুতে উড়ছে—এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। আমরা ইতিহাসের অংশ হলাম।”

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “এই পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আধিপত্যবাদ বা শোষণের যে কোনো দৃষ্টি আমরা রক্ত দিয়ে হলেও প্রতিহত করব।”

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, “আমরা এই গৌরবের পতাকা সমুন্নত রাখার অঙ্গীকার করছি।”

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, “স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দেশের সর্বোচ্চ এই পতাকাস্ট্যান্ড নির্মাণ করা হয়েছে। এটি আমাদের গৌরবের প্রতীক ও নতুন ইতিহাসের সূচনা।”

সর্বশেষ নিউজ