কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি
spot_img
spot_img

বিগত হাসিনা সরকারের খুন-গুমের কথা বলে জুলাই সনদে হ্যা ভোট চাইলেন সারজিস আলম। তিনি বলেন, এটি আপনাদের সেই সন্তানদের দল, যারা এমন একজনের পতন ঘটিয়ে, এমন একজনকে ভারত পালাতে বাধ্য করেছে, সকল রাজনৈতিক দল মিলে যার পতন ঘটাতে পারেনি। একটু আস্থা রাখেন। ইনশা আল্লাহ আস্থার প্রতিদান আমরা দেবো। আমরা যেই দলের হই না কেন গণভোটের দিন আমরা যেন জুলাই সনদের পক্ষে হ্যা ভোট দেই।

মঙ্গলবার রাতে তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলায় ইউনিয়ন কমিটি ঘোষণার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় এনসিপি ও যুব শক্তির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সারজিস আরও বলেন, শেখ হাসিনা যাকে তার সমস্যা মনে করেছে তাকে উঠিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। একজন অফিসারই ১ হাজার ২০ জনকে গুলি করে হত্যা করেছে। এই রকম পেশাদার খুনি ছিলো শেখ হাসিনার। যারা ১৬ বছরে অসংখ্য মানুষকে গুম খুন করেছে।

সারজিস আলম বলেন, আমরা শাপলা মার্কা চেয়েছিলাম। শাপলা না দিয়ে দিয়েছে শাপলার কলি। আমরা বলি স্বেচ্ছাচারিতা করছেন করেন, সমস্যা নেই। কিন্তু শাপলা কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না।

সারজিস বলেন, আমরা মনে করি আগামী নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আমাদের সাংগঠনিক ভিত্তিকে আগে শক্তিশালী করতে হবে। সেই লক্ষ্যে আমরা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি করা শুরু করেছি। কারো সাথে জোট হবে কি হবে না, সেটা পরের বিষয়। আমরা বাংলাদেশে পরনির্ভরশীলতা রাজনীতি করতে আসিনি। আমরা আগে নিজেদের ভিত্তিটা শক্ত করতে চাই। এর পরে কোন রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে যদি ইলেক্টরাল এলায়েন্স হয় হবে, না হলে এককভাবে আগামী নির্বাচনে ৩০০ আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো। পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক দল আছে যারা সংসদে জনগণের প্রতিনিধিত্ব করেছে। কিন্তু প্রথমবার তারা একটি সিটও পায়নি। আমরা সিটের রাজনীতির খেলায় যেতে চাই না। আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই। আমরা জনগণের জন্য সংসদে যেতে চাই।।

সর্বশেষ নিউজ