পঞ্চগড়ে সদ্য ঘোষিত যুবদল কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি
spot_img
spot_img

পঞ্চগড় পৌরসভা ও সদর উপজেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা। নতুন কমিটিকে তাঁরা ‘একতরফা’ ও ‘পকেট কমিটি’ বলে আখ্যা দিয়েছেন। রোববার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে ‘ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মী’ পরিচয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চগড় পৌর যুবদলের সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুর ইসলাম দীপু। এ সময় বক্তব্য দেন সদর উপজেলা যুবদলের পূর্বের আহ্বায়ক বশিরুল ইসলাম ও পৌর যুবদলের পূর্বের আহ্বায়ক ময়নুল ইসলাম। এতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে দীপু বলেন, গত ১৩ নভেম্বর বিকেলে কেন্দ্র থেকে পঞ্চগড় সদর উপজেলা ও পৌর যুবদলের ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি মূলত একটি ‘পকেট কমিটি’। দলের গঠনতন্ত্র অনুসরণ না করে একতরফাভাবে অনুমোদন দেওয়া হয়েছে। সাধারণত উপজেলা ও পৌর যুবদলের প্রস্তাবিত কমিটি জেলা যুবদল অনুমোদন করে কেন্দ্রীয় কমিটিতে পাঠানোর কথা। কিন্তু এবার পঞ্চগড়–১ আসনের ধানের শীষের প্রার্থীর সোচ্চার ভূমিকার কারণে কেন্দ্র থেকে অনুমোদন আনা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে থাকা ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটিতে ঠাঁই দেওয়া হয়েছে এমন ব্যক্তিদের, যারা কখনো যুবদলের রাজনীতিতে যুক্ত ছিলেন না। কেউ ছিলেন ছাত্রদলে, কেউ বা স্বেচ্ছাসেবক দলে। দলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটিতে থাকতে হলে কমপক্ষে তিন বছর যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে হয়। কিন্তু নতুন কমিটির সদস্যদের ক্ষেত্রে তা মানা হয়নি।

দীপু আরও বলেন, অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। আগামী তিন দিনের মধ্যে দাবি মানা না হলে তাঁরা কঠোর আন্দোলনে নামবেন।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল বলেন, ‘নতুন কমিটি ঘোষণার বিষয়ে আমরা কিছুই জানতাম না। হঠাৎ কাগজের মাধ্যমে জানতে পেরেছি। এরপর কেন্দ্রের সঙ্গে বহুবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ ফোন রিসিভ করেননি।’

সর্বশেষ নিউজ