চাঁদপুর সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

চাঁদপুর সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’২৫” অনুষ্ঠান শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। একাদশ ও স্নাতক প্রথম বর্ষের সহস্রাধিক নবীন শিক্ষার্থী এতে অংশ নেয়। মনোরম পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান পরিণত হয় সাবেক ও বর্তমান নেতাদের এক মিলনমেলায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, “বর্তমান শিক্ষা ব্যবস্থা ভালো মানুষ তৈরি করতে ব্যর্থ হচ্ছে। সেই জায়গা থেকেই ছাত্রশিবির দীর্ঘদিন ধরে শিক্ষা আন্দোলনে কাজ করছে।” তিনি জানান, ছাত্রশিবির মাসে ১২ ধরনের পত্রিকা প্রকাশ করে, যা বিভিন্ন শিক্ষার্থী শ্রেণির উপযোগী করে সাজানো। স্কুল, ইংরেজি মাধ্যম, মাদ্রাসা, বিজ্ঞান, বুদ্ধিভিত্তিক চর্চা কিংবা উচ্চ রাজনীতিমুখী পাঠকদের জন্য রয়েছে পৃথক পত্রিকা।

তিনি আরও বলেন, “আমরা শিক্ষা মান উন্নয়নে বিভিন্ন প্রস্তাব করে সরকারের কাছে জমা দিয়েছি। এতে একদিকে ভালো মানুষ তৈরি হবে, অন্যদিকে বেকার সমস্যা কমবে এবং একটি উন্নত জাতি গড়ে উঠবে—যা ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশা আল্লাহ।”
নারীদের জন্য পৃথক প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করে তিনি বলেন, “ছাত্রশিবির সবাইকে নিয়েই কাজ করে। আল্লাহ নারীদের সর্বস্তরে সম্মান দিয়েছেন। তাই তাদের জন্য আলাদা পরিসর থাকা জরুরি।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও চাঁদপুর সদর-হাইমচর আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ঢাকা মহানগর উত্তর শিবিরের সভাপতি রেজাউল করিম শাকিল।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, শহর শিবির সভাপতি জাহিদুল ইসলাম, জেলা সভাপতি ইব্রাহীম খলিল, সাবেক নেতা কাউছার আলম, সাবেক কলেজ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মোজাহিদুল ইসলাম এবং শহর শিবিরের সাবেক সভাপতি সুলতান আহমেদ।

কলেজ শাখার সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে এবং শিবির নেতা এহসানুল ফেরদৌস বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে। ইসলামী সংগীত, নাটিকা পরিবেশন ও সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। পরিশেষে এসব প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ নিউজ