জামালপুর-৩ আসনে গণঅধিকারের মনোনয়ন পেলেন লিটন মিয়া

জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণার অংশ হিসেবে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ট্রাক প্রতীকের প্রার্থী হিসেবে মো. লিটন মিয়া বি.এ–কে মনোনীত করেছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক দক্ষতা, এলাকা ভিত্তিক জরিপ, রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি—এই চারটি মানদণ্ডের সমন্বয়ে লিটন মিয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি জামালপুর জেলা যুব অধিকারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সামাজিক কার্যক্রম, গণসংযোগ এবং তরুণদের সংগঠিতকরণে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।

মনোনয়ন ঘোষণার পর থেকেই মেলান্দহ ও মাদারগঞ্জ এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়ে গেছে।

মনোনয়ন পেয়ে লিটন মিয়া বলেন, ‘এই আসনে আমার আরও দুইজন যোগ্য সহকর্মী ছিলেন। আমরা সবাই একই দলের কর্মী। সবাইকে সঙ্গে নিয়েই তারুণ্যের নেতৃত্বে একটি ইতিবাচক ও অগ্রগতিমুখী বাংলাদেশ গড়তে চাই। জনগণই আমাদের শক্তি, তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।’

গণঅধিকার পরিষদের নেতারা বলেন, দ্বিতীয় ধাপে ঘোষিত প্রার্থীদের মধ্যে বেশির ভাগই তরুণ ও নতুন নেতৃত্ব। এতে রাজনীতিতে নতুন উদ্যম এবং ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হবে। তাদের মতে, লিটন মিয়ার প্রার্থীতা ঘোষণা জামালপুর-৩ আসনের নির্বাচনী প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তুলবে।

সর্বশেষ নিউজ