চাঁদপুর সদরের মৈশাদি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার তালতলা বাজার এলাকায় ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারী ও চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, ‘জামায়াতে ইসলামী দেশে ন্যায়বিচার ও সাম্যের সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। কোরআনের বিধানভিত্তিক শাসন ব্যবস্থা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে দল কাজ করে যাচ্ছে।’ তিনি আরও বলেন, জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে চায় জামায়াত, আর এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
বিগত সময়ের চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সরকারে গেলে বাংলাদেশের মাটিতে কোনো চাঁদাবাজ বা দখলবাজের ঠাঁই হবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে জামায়াত। আমরা দুর্নীতি করব না, কাউকে করতে দেব না।’
আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন। বলেন, ‘আপনারা একটু পরিশ্রম করলে দেশকে সুন্দর ও মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে দেওয়া সম্ভব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক নাছির উদ্দিন ও সদর উপজেলা জামায়াতের আমির আফসার উদ্দিন মিয়াজী।
এ ছাড়া বক্তব্য দেন পিএম গিয়াস উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আব্দুল্লাহ মো. শাকুর, সিনিয়র সহসভাপতি মাওলানা জাকির হোসেন তপদার, কাওসার নিহান ও সহসভাপতি মাওলানা হেলাল উদ্দিন।
দোয়া পরিচালনা করেন তালতলা মসজিদের ইমাম। উদ্বোধনী পর্ব শেষে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে তালতলা বাজারে একটি মিছিল বের হয়।

