ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ কবিরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তদন্ত কর্মকর্তা শুনানিতে বলেন, কবির মোটরসাইকেলের মালিক এবং এই হত্যাচেষ্টায় তিনি সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন রিমান্ডের পক্ষে শুনানি করলেও আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
শুনানি চলাকালে আসামি মো. কবির আদালতকে জানান, তিনি পেশায় উবার চালক। তিনি ফয়সাল করিম মাসুদের ফোন পেয়ে মাঝে মাঝে তাকে গুলশানসহ বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন।
মোটরসাইকেলের মালিকানা প্রসঙ্গে তিনি বলেন, মোটরসাইকেলটি আমার বন্ধু মাউনুদ্দিন ইসলাম শুভ কিনেছে। আমরা দুজনই একই দিনে গাড়ি কিনতে যাই। শুভ আমার আইডি কার্ড দিয়ে গাড়ি কেনে। মোটরসাইকেলের সবকিছু ওর নামে। শুধু আমার আইডি কার্ড ব্যবহার করেছে। অনেকদিন আগে গাড়িটা কিনেছি।
সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে মো. কবিরকে গ্রেপ্তার করা হয়। এর আগে এই হত্যাচেষ্টা মামলায় ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু গ্রেপ্তার হয়ে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করেন।
গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এরপর এভারকেয়ার এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে। এজাহারে আরও অভিযোগ করা হয়, ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে একটি মহল সন্ত্রাসী কার্যক্রম, গুজব রটনা এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

