নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জন রাজনৈতিক ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তবে ওই তালিকায় নাম থাকলেও সরকারের দেওয়া গানম্যান নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে সাদিক কায়েম লিখেছেন, সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের প্রস্তাব তিনি গ্রহণ করছেন না। একই সঙ্গে তিনি দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তিনি বলেন, জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ধারাবাহিকতায় তাকে বিষয়টি জানানো হলেও তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন।
সাদিক কায়েম আরও লিখেছেন, ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতনের পর জনগণের প্রত্যাশা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি ন্যায্য ও দৃশ্যমান পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার ঘাটতি এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবের কারণে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা গেলে নিরাপত্তা নিয়ে এমন উদ্বেগ তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি।
ব্যক্তিগত নিরাপত্তা প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, কিছু নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নিরাপত্তা ব্যবস্থা সীমাবদ্ধ থাকলে তা ন্যায়সংগত হয় না। দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই তাদের দাবি।
তিনি আরও বলেন, দেশের ছাত্র-জনতা এখনো অনিরাপদ অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করা নিজের কাছে সঠিক মনে করছেন না তিনি।

