বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি একটি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া বাংলাদেশ বিমানের বহরকে সম্পূর্ণ আন্তর্জাতিক মানের করতে ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
বগুড়ায় ফ্লাইং একাডেমি স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ৭ মে আমরা সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সেখানে যাচ্ছি। খুব দ্রুতই এই একাডেমির কাজ শুরু হবে। শুধু বগুড়া নয়, নীলফামারীতে অবস্থিত ছোট একাডেমিটিরও উন্নয়নের চেষ্টা করা হবে।’
পাইলট তৈরিতে গুরুত্ব দেওয়ার বিষয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আগে পাইলটের একটা অংশ ছিল শুধু পাইলট বা তাদের আত্মীয়-স্বজনদের মধ্যে সীমাবদ্ধ। আমরা চাই সাধারণ মানুষও যেন এভিয়েশন সেক্টরে এসে পাইলট হওয়ার সুযোগ পায়। দেশি বিমানের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সে তারা চাকরি করলে দেশের বৈদেশিক মুদ্রা আয় বাড়বে। তাই এই একাডেমিগুলোর ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।’
বিমানের আধুনিকায়ন ও অভ্যন্তরীণ রুট সম্পর্কে প্রতিমন্ত্রী আরও জানান, ইতোমধ্যে ১৪টি বোয়িং কেনার জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে এবং আরও কিছু উড়োজাহাজ লিজ নেওয়া হবে। পাশাপাশি দেশের অব্যবহৃত বিমানবন্দরগুলো সংস্কার করে অভ্যন্তরীণ রুটে পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় চলতি বছরের ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের বিষয়েও আশা ব্যক্ত করেন তিনি।

