দেশে হামে মৃত্যুর মিছিল: গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর প্রাণহানি

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক, এইদিন এইসময়: দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে আরও ৯টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ শিশুর হাম শনাক্ত হয়েছিল এবং বাকি ৬ জনের শরীরে ছিল হামের উপসর্গ। এ নিয়ে দেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩৫২টি শিশুর মৃত্যু হলো।

২৪ ঘণ্টায় শনাক্ত ও আক্রান্তের পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে নতুন করে ৪৮৯ শিশুর হাম শনাক্ত হয়েছে। অর্থাৎ, একদিনেই হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৫টি শিশু। বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, হাম শনাক্ত হয়ে বরিশালে ৩ শিশু এবং হামের উপসর্গে ঢাকায় ৩, খুলনায় ২ ও সিলেটে ১ জন মারা গেছে।

হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়, উদ্বেগজনক পরিস্থিতি

মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের নিচতলায় আজ দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। ১০ মাসের শিশু মাহাজবি তিন দিন আইসিইউতে লড়াই করার পর মারা গেছে। নিথর শরীরের পাশে মা শিউলি আক্তারের কান্না যেন থামছেই না। এমন দৃশ্য এখন দেশের অনেক হাসপাতালেই নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

আক্রান্ত ৪৭ হাজার ছাড়াল: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৪৭ হাজার ৬৫৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ৬৩১টি শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এ পর্যন্ত ৬ হাজার ৯৭৯ শিশুর শরীরে ল্যাবে হাম শনাক্ত হয়েছে। যদিও ২৯ হাজার ৭৪৬ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, তবুও মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।

সর্বশেষ নিউজ