“ছেলের লাশের সন্ধানও পাচ্ছি না”: রাশিয়ায় নিহত রিয়াদের বাবার আর্তনাদ

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

জীবন জীবিকার তাগিদে সুদূর রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জের যুবক রিয়াদ রশিদ (২৮)। তবে এক অপ্রত্যাশিত যুদ্ধের কবলে পড়ে প্রাণ হারাতে হলো তাকে। গত ২ মে রাশিয়ার সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদ নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে এই দুঃসংবাদটি রিয়াদের গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।

নিহত রিয়াদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। তার পরিবার সূত্রে জানা যায়, গত বছরের শেষ দিকে একটি কোম্পানিতে কাজ করতে রাশিয়া যান তিনি। পরবর্তীতে গত এপ্রিলে তিনি রুশ সেনাবাহিনীতে যোগদান করেন। তবে রিয়াদ যে যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছেন, সে বিষয়ে তার পরিবারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না। ড্রোন হামলার শিকার হওয়া লিমনের দেওয়া তথ্যে জানা যায়, হামলায় রিয়াদ ছাড়াও আরও এক বাংলাদেশি ও একজন নাইজেরীয় নাগরিক প্রাণ হারিয়েছেন।

ছেলের এমন করুণ মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছেন রিয়াদের বাবা-মা। রিয়াদের বাবা আব্দুর রশিদ আহাজারি করে বলেন, “কাজ করতে গিয়ে ছেলে সেনাবাহিনীতে যোগ দিল, তা আমরা জানতামই না।” বর্তমানে রিয়াদের মরদেহের সন্ধান এবং তা দেশে ফিরিয়ে আনা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে তার স্বজনরা। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং করিমগঞ্জ থানার পুলিশ নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ নিউজ