সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার সোবহান প্রামানিককে (৭০) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার স্ত্রী শেফালী খাতুনও হামলায় আহত হয়েছেন।
রোববার রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোবহান প্রামানিক নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হামলায় আহত হন তার স্ত্রীও। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত শেফালী খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্বজনদের অভিযোগ, খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে মোল্লা ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগেও একই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষে পিতা-পুত্র নিহত হন। সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান বলেন, “ঘটনার তদন্ত চলছে। আটক ব্যক্তি জড়িত কিনা তা যাচাই করা হচ্ছে।
রফিক শাহীদ

