১২ মে ২০২৬, মঙ্গলবার

আর্থিক খাতে থাকবে না রাজনৈতিক হস্তক্ষেপ: অর্থমন্ত্রী আমির খসরু

spot_img
spot_img

আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির (বিএসআইসি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

অর্থমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, “সরকারের কোনো রাজনৈতিক নিয়োগ বা প্রভাব এখানে কাজ করবে না, এটি হবে শতভাগ পেশাদার প্রতিষ্ঠান।”

বিএসআইসি-এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, প্রতিষ্ঠানটি যে পরিমাণ মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে, ভবিষ্যতে তা আরও বৃদ্ধি পাবে। এটি কেবল একটি বিনিয়োগ প্রতিষ্ঠান নয়, বরং দেশের সামগ্রিক স্টার্টআপ ইকোসিস্টেমকে দৃশ্যমান করার একটি প্ল্যাটফর্ম। তরুণ প্রজন্মের প্রধান দুটি সমস্যা—ফান্ডের অভাব এবং জামানত প্রদানের অক্ষমতা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানকার বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, দক্ষ ও পেশাদার হবে বলে তিনি উল্লেখ করেন।

কর্মসংস্থান ও অর্থনীতি নিয়ে আমির খসরু বলেন, “এই উদ্যোগটি আমাদের রাজনৈতিক ম্যানিফেস্টোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশকে কাজে লাগিয়ে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছি।” বিশেষ করে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতির মাধ্যমে গ্রাম ও শহরের তরুণদের অর্থনীতির মূলধারায় নিয়ে আসার ওপর জোর দেন তিনি।

আর্থিক খাতের শৃঙ্খলা ও চলমান সংস্কার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “বর্তমানে আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা পুঁজিবাজারের সংস্কার এবং সিরিয়াস ডিরেগুলেশনের দিকে এগোচ্ছি।” বিনিয়োগ ও পুঁজিবাজারের জন্য দক্ষ ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, দেশি-বিদেশি বড় ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এবং বিভিন্ন দাতা সংস্থা সরকারের সাথে কাজ করছে। দেশের ব্যাংক ও বেসরকারি খাতের মূলধন ঘাটতি বা আন্ডার ক্যাপিটালাইজেশন দূর করতেও কাজ চলছে।

অনুষ্ঠানে বিএসআইসির চেয়ারম্যান মাসরুর আরেফিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

সর্বশেষ নিউজ