১৩ মে ২০২৬, বুধবার

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়: আইসিসি র‍্যাংকিংয়ে শান্ত-তাইজুলদের বিশাল লাফ!

স্পোর্টস ডেস্ক
spot_img
spot_img
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে দাপুটে জয়ের পর বাংলাদেশ শিবিরে বইছে খুশির জোয়ার। ১০৪ রানের বিশাল এই জয়ে শুধু ম্যাচই নিজেদের করে নেয়নি বাংলাদেশ, বদলে গেছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের সমীকরণও। সেই সঙ্গে ব্যাটিং ও বোলিং র‍্যাংকিংয়ে বড় উন্নতি করেছেন একাধিক টাইগার ক্রিকেটার।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে এটি টাইগারদের প্রথম জয়। ৩ ম্যাচে ১ জয়, ১ হার ও ১ ড্রয়ে এখন বাংলাদেশের পয়েন্ট শতাংশ ৪৪.৪৪। এর ফলে পয়েন্ট টেবিলের অষ্টম স্থান থেকে লাফ দিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ফিল সিমন্সের শিষ্যরা।

সবচেয়ে বড় সুখবরটি এসেছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ঘিরে। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ৮৭ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে অসাধারণ পারফরম্যান্সের কারণে ম্যাচসেরার পুরস্কার জেতেন শান্ত। এর প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়েও। এক লাফে ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে উঠে এসেছেন তিনি, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান।

শান্তর পাশাপাশি র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের আরও দুই অভিজ্ঞ ব্যাটারের। ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার হিসেবে মুশফিকুর রহিম ২ ধাপ এগিয়ে এখন ২৬তম স্থানে এবং মুমিনুল হক ১২ ধাপ লাফিয়ে উঠে এসেছেন যৌথভাবে ৩৫তম স্থানে।

বোলিং বিভাগেও সুখবর পেয়েছে বাংলাদেশ। দুই ইনিংসে ২টি করে উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৩ ধাপ এগিয়ে এখন ১৩তম স্থানে অবস্থান করছেন। দীর্ঘদিন পর টেস্টে ফিরে দারুণ প্রত্যাবর্তন করেছেন তাসকিন আহমেদও। ২০২৪ সালের শেষ দিকের পর প্রথম টেস্ট খেলতে নেমেই ৪ উইকেট শিকার করে বোলিং র‍্যাংকিংয়ের ৪৮তম স্থানে জায়গা করে নিয়েছেন এই পেসার। এছাড়া দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়া তরুণ পেসার নাহিদ রানাও পেয়েছেন বড় পুরস্কার; ৫ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৬৪তম স্থানে।

অন্যদিকে, ম্যাচ হারলেও ব্যক্তিগত অর্জনের দিক থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার সুবাদে টেস্ট বোলিং র‍্যাংকিংয়ের ২৮তম স্থানে ফিরে এসেছেন তিনি।

সর্বশেষ নিউজ