হাম ও উপসর্গে দেশে শিশু মৃত্যুর নতুন রেকর্ড; ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ শতাধিক

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

দেশে হাম ও এর উপসর্গজনিত জটিলতায় শিশু মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় এই সংক্রামক রোগে আক্রান্ত হয়ে আরও ১২টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৩ জন শিশু। আজ শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ ১৫ মে পর্যন্ত দুই মাসের ব্যবধানে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৫১ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ৮ জন সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে এবং ৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। সব মিলিয়ে গত দুই মাসে সন্দেহজনক হামে ৩৭৭ জন এবং নিশ্চিত হামে ৭৪ জন শিশুর প্রাণহানি ঘটেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত একদিনে নতুন করে ১ হাজার ১৯২ জন সন্দেহজনক এবং ১১১ জন নিশ্চিত হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত দুই মাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৫৫ হাজার ৬১১ জন (সন্দেহজনক) ও ৭ হাজার ৪১৬ জনে (নিশ্চিত)। প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪০ হাজার ১৭৬ জন শিশু ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৫৫ জন। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে সংক্রমণের তীব্রতা বেশি হওয়ায় সেখানে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সুরক্ষায় নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি লক্ষণ দেখা দিলে অবিলম্বে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ নিউজ