আমেরিকার সাথে চুক্তির বিষয়ে জামায়াতের সাথে অন্তর্বর্তী সরকার আলোচনা করেনি : ডা. শফিকুর রহমান

ন্যাশনাল ডেস্ক
spot_img
spot_img

যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে কোনো ধরণের আলোচনা করেনি বলে অত্যন্ত দায়িত্ব নিয়ে স্পষ্ট করেছেন দলটির আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার (১৫ মে ২০২৬) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সুধী সমাবেশে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আমেরিকার সাথে চুক্তির বিষয়ে জামায়াত ও বিএনপির সাথে কথা হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার দেওয়া বক্তব্যকে তিনি পুরোপুরি নাকচ করে দেন।

আমেরিকার সাথে চুক্তির বিষয়ে জামায়াত: স্পষ্ট অবস্থান

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, “এই বিষয়ে আগেও সরকারের পক্ষ থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। আমি আগেও বলেছি, এখনও অত্যন্ত দায়িত্ব নিয়েই বলছি—তৎকালীন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষও এই চুক্তি নিয়ে আমাদের সাথে একটা শব্দও উচ্চারণ করেনি। এটাই আমাদের চূড়ান্ত অবস্থান।” অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহলের বক্তব্যকে অসত্য আখ্যা দিয়ে তিনি সংসদেও এই নিয়ে কথা বলেছেন বলে জানান।

তিস্তার বিনিময়ে পদ্মা ব্যারেজ প্রকল্প নয়

পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্যোগকে স্বাগত জানালেও উত্তরবঙ্গের প্রাণ তিস্তা নদী নিয়ে কোনো আপস করা হবে না বলে হুঁশিয়ারি দেন ডা. শফিক। তিনি বলেন, “আমরা পদ্মা ব্যারেজের উদ্যোগকে অভিনন্দন জানাই, কিন্তু এটা তিস্তার বিনিময়ে নয়। তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার ন্যায্য পাওনা দিতে হবে। উত্তরবঙ্গের মানুষের ভাগ্য ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। এর বাইরে আমরা ভিন্ন কিছু মেনে নেব না।”

পশ্চিমবঙ্গে মানবাধিকার লঙ্ঘন ও সীমান্ত হত্যা নিয়ে নিন্দা

ভারতে পশ্চিমবঙ্গের প্রাদেশিক সরকার পরিবর্তন ও সীমান্ত হত্যা প্রসঙ্গে জামায়াত আমির বিশ্বজুড়ে মুসলমানদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে এখন যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। শুধু ধর্মীয় পরিচয়ে কাউকে আঘাত করার অধিকার এই পৃথিবীর কোনো দেশের সংবিধানই দেয়নি। কেউ যদি এটা করে সেটা মানবতার বিরুদ্ধে জুলুম।”

গণভোট ও রসিক মেয়র প্রার্থী ঘোষণা

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ডা. শফিক বলেন, দেশের প্রায় ৭০ ভাগ মানুষ গণভোটের পক্ষে রায় দিলেও সরকারি দল তাকে অপমান ও অগ্রাহ্য করেছে। জামায়াত এই কর্মসূচি পরিত্যক্ত করবে না এবং সংসদের ভেতরে ও বাইরে গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাবে। পরে তিনি মহানগর জামায়াত আমির এটিএম আজম খানকে রংপুর সিটি করপোরেশনের (রসিক) আগামী নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

নেতাদের প্রতি আমিরের হুশিয়ারি: ‘আপনাদের দিকে সার্চলাইট তাক করা’

এর আগে দুপুরে রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর বিভাগের থানা ও উপজেলা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের আচরণে সতর্ক হওয়ার নির্দেশ দিয়ে বলেন, “মনে রাখবেন, এখন অনেকে আপনাদের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করে। তাই আপনাদের প্রত্যেককে সার্চলাইট দিয়ে দেখা হবে। আপনাদের দিকে দুটি সার্চলাইট এখন তাক করা আছে—একটা আল্লাহ তাআলার, আরেকটা জনগণের। সাদা কাপড়ে অল্প দাগ লাগলেও বেশি দৃশ্যমান হয়। আপনারা সাদা কাপড়, দাগ লাগলে কিন্তু খবর আছে।”

সর্বশেষ নিউজ