আসন্ন বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিলকে ফেবারিটের তালিকা থেকে বাদ দেওয়া এবং দল নিয়ে নানান নেতিবাচক মন্তব্যে বেশ চটেছেন মিডফিল্ডার ব্রুনো গিমারেস। ফুটবল বিশ্বের অন্যতম সফল এই দলকে অবহেলা করার কোনো অবকাশ নেই উল্লেখ করে তিনি বলেন, মাঠে নামার আগে অন্য কোনো দলের জার্সিতে তাদের মতো পাঁচটি তারকা জ্বলজ্বল করছে না।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ‘দ্য রিজ’ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে কথা বলেন গিমারেস। সম্প্রতি বায়ার্ন মিউনিখের মাইকেল অলিসে মন্তব্য করেছিলেন বর্তমান ব্রাজিল দলে আলাদা করে চেনার মতো কোনো বড় তারকা নেই। অন্যদিকে মেক্সিকান কিংবদন্তি হুগো সানচেস দাবি করেন, এবারের বিশ্বকাপে ব্রাজিল বড়জোর ষষ্ঠ স্থান পর্যন্ত যেতে পারবে। এমন সমালোচনার জবাবে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানে জয় পাওয়া গোলদাতা গিমারেস বলেন, অনেকেই কেবল মনোযোগ আকর্ষণের জন্য এসব কথা বলেন। ব্রাজিল যেকোনো টুর্নামেন্টে খেলতে নামলেই ফেভারিট থাকে।
ভিনিসিউস জুনিয়র ও রাফিনিয়াদের মতো সতীর্থদের উদাহরণ টেনে তিনি আরও বলেন, অতীতের পারফরম্যান্স মাঠে কোনো প্রভাব ফেলে না, তবে তারা নিজেদের সেরাটা দিতেই প্রস্তুত। বিশ্বের সেরা ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ১০ দলের মধ্যে পঞ্চম হয়ে মূল পর্বে আসলেও, পানামা ও মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় সেলেসাওদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আগামী রোববার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কার্লো আনচেলত্তির দল।
এদিকে মাঠের লড়াই শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল শিবির। ঊরুর চোটে ছিটকে গেছেন রোমার রাইট ব্যাক ওয়েসলি, তাঁর পরিবর্তে আতালান্তার এদেরসনকে স্কোয়াডে ডেকেছেন কোচ। এছাড়া ৩৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড নেইমার কাফ মাসলের চোটে থাকায় গ্রুপ পর্বে তাঁর খেলা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে।

