আশুলিয়ায় আলোচিত জনি হত্যাকাণ্ডের রহস্য ১৮ মাস পর উন্মোচন, পিবিআইয়ের হাতে ২ আসামি গ্রেফতার

টেবিল প্রতিবেদন
spot_img
spot_img

ঢাকার আশুলিয়ার বহুল আলোচিত যুবক হাসিবুল ইসলাম জনি (২১) হত্যাকাণ্ডের দীর্ঘ দেড় বছর পর রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে একজন ইতিমধ্যেই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জনিকে নিয়ে জবানবন্দি দিয়েছেন।

পিবিআইয়ের তদন্ত ও আসামির জবানবন্দি থেকে জানা যায়, মূলত মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরেই জনিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। ২০২৪ সালের ১২ ডিসেম্বর রাতে আশুলিয়া থানার মধুপুর উত্তরপাড়া এলাকায় জনি তার দুই বন্ধু সোহাগ ও রানাকে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় আসামিরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালালে সোহাগ ও রানা পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেও জনিকে ধরে ফেলা হয়। পরে তাকে এলোপাতাড়ি মারধর করে হত্যা শেষে মরদেহ স্থানীয় নাজমুল হোসেনের পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় ঘাতকেরা। ঘটনার চার দিন পর পুকুর থেকে জনির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা মো. শহিদুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করলে পরবর্তীতে তদন্তের দায়িত্ব নেয় পিবিআই ঢাকা জেলা।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের দিকনির্দেশনায় এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদের তত্ত্বাবধানে ক্রাইম সিন টিম দীর্ঘ ছায়া তদন্ত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ শুরু করে।

অবশেষে গত ১৮ জুন ২০২৬ তারিখে আশুলিয়ার মধুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. শাহ জালাল সরকার (২৮) ও মো. সাইফুল ইসলাম (৪০) নামের দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহ জালাল সরকার আদালতে সোপর্দ করার পর নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন।

এ বিষয়ে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ (পিপিএম-সেবা) বলেন, “দীর্ঘ তদন্ত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে অবশেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টাও আমাদের অব্যাহত রয়েছে।”

এদিকে দীর্ঘদিন ধরে এলাকায় চাঞ্চল্য তৈরি করা এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও খুনিরা গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আশুলিয়ার স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ নিউজ