১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর: লেনদেনে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ ও সর্বজনীন করতে আগামীকাল ১ জুলাই থেকে সারা দেশে ‘বাংলা কিউআর’ (কুইক রেসপন্স) কোড ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দোকানদার বা মার্চেন্টদের আলাদা আলাদা প্রতিষ্ঠানের কিউআর কোডের পরিবর্তে একটি অভিন্ন ‘বাংলা কিউআর’ ব্যবহার করতে হবে।

বাংলা কিউআর কেন ও কীভাবে কাজ করবে

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগে একজন গ্রাহক যদি বিকাশের কিউআর কোড দেখেন অথচ তার পকেটে থাকে রকেটের অ্যাকাউন্ট, তবে তিনি লেনদেন করতে পারতেন না। বাংলা কিউআর এই সমস্যার স্থায়ী সমাধান। এখন যেকোনো প্রতিষ্ঠানের মার্চেন্ট পয়েন্টে থাকা এই অভিন্ন কিউআর স্ক্যান করলেই গ্রাহক তার ব্যাংক অ্যাপ বা এমএফএস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) থেকে সরাসরি পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ, এটি একটি ইন্টার-অপারেবল বা আন্তঃব্যবহারযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম।

সুবিধা ও নিরাপত্তা

বাংলা কিউআরের অন্যতম বড় সুবিধা হলো এর সাশ্রয়ী প্রকৃতি। প্রথাগত কার্ড পেমেন্টের জন্য ব্যয়বহুল ‘পয়েন্ট অব সেল’ (পিওএস) মেশিনের প্রয়োজন হলেও, বাংলা কিউআরের জন্য কেবল একটি সাধারণ স্টিকারই যথেষ্ট। এটি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় শপিং মলে ব্যবহারের উপযোগী। নিরাপত্তার ক্ষেত্রেও এটি কার্ড ক্লোনিং বা পিন চুরির ঝুঁকি থেকে গ্রাহককে সুরক্ষিত রাখে, কারণ পুরো লেনদেন সম্পন্ন হয় গ্রাহকের নিজস্ব মোবাইল অ্যাপের মাধ্যমে।

ব্যাংক ও এমএফএস-এর প্রস্তুতি

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাংকগুলো এই কার্যক্রম বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত। বিকাশের করপোরেট কমিউনিকেশন্সের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম জানান, ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে বিকাশ দেশের মার্চেন্ট পয়েন্টগুলোতে বাংলা কিউআর প্রতিস্থাপনের কাজ জোরেশোরে চালিয়ে যাচ্ছে। এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাইয়ুম খান জানান, তাদের ব্যাংকের মার্চেন্টরা ইতিমধ্যে এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রতিদিন কোটি টাকার বেশি লেনদেন সম্পন্ন হচ্ছে।

সর্বশেষ নিউজ