আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংবাদিক ও শিক্ষানুরাগী আব্দুল বাছিত বাচ্চু বলেন, স্থানীয় মানুষের মতামত ও প্রত্যাশা জানতে তিনি এ গণসংযোগে নেমেছেন।
শুক্রবার সকালে তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাউকাপন হযরত শাহ মখদুম (র.) মাজার এলাকায় যান এবং স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন। তাঁর ভাষ্য, নামাজ শেষে উপস্থিত মুসল্লি ও স্থানীয় তরুণদের অনেকে তাঁকে আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানান।
এ সময় পরিবারের সদস্যদের কবরের কথা উল্লেখ করে আব্দুল বাছিত বাচ্চু বলেন, তিনি এ এলাকার স্থায়ী বাসিন্দা এবং এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সামাজিক ও পারিবারিক সম্পর্ক রয়েছে।
তিনি অভিযোগ করেন, ২০১৬ সালে ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় বিরোধের কারণে প্রত্যাশিতভাবে কাজ করতে পারেননি। তাঁর দাবি, সে সময় একটি প্রভাবশালী মহল তাঁকে দায়িত্ব থেকে সরাতে নানা কৌশল নেয় এবং মামলা-মোকদ্দমায় জড়ানোর চেষ্টা করে। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পরে তিনি ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রহমতের কটারকোনা গ্রামের বাড়িতে একটি বিবাহোত্তর অনুষ্ঠানে অংশ নেন। এরপর কটারকোনা, মনু বাজার, হাজীপুর চৌমুহনী বাজার, পীরেরবাজার ও পাবই রেলগেট বাজারে গণসংযোগ করেন।
আব্দুল বাছিত বাচ্চুর দাবি, গণসংযোগকালে স্থানীয়দের বড় একটি অংশ তাঁকে আবারও চেয়ারম্যান পদে নির্বাচন করার অনুরোধ জানিয়েছেন। তাঁর ভাষ্য, প্রায় ৭০ শতাংশ মানুষ তাঁকে প্রার্থী হিসেবে দেখতে চান।
তিনি বলেন, স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা ও মতামতকে গুরুত্ব দিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

