গাজীপুরের শ্রীপুরে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, কয়েকটি দোকান ও তুলার গুদাম পুড়ে গেছে। বুধবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
আগুন দ্রুত আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ঝুট ও তুলার মতো দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ফায়ার সার্ভিসের তদন্তের পর আগুনের প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

