ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে আবারও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মিরপুরের কয়েকটি কারখানার শ্রমিকেরা এ অবরোধে অংশ নিয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। পু/লিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এর আগে বেতন বাড়ানোর দাবিতে গত বৃহস্পতিবারও সকাল ১০টা থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। তখনও তাঁদের দাবি ছিল, মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করতে হবে। দুই দিন পর একই দাবিতে আবারও একই এলাকায় সড়ক অবরোধ করলেন তাঁরা।

