ঢাকায় ৫ কোটি টাকার সোনার ছয়টি ‘ডিম’ জব্দ

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

ঢাকায় পৃথক দুটি অভিযানে ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের সোনার ছয়টি ‘ডিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

সোমবার (২ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার পৃথক দুটি অভিযান চালিয়ে এসব সোনা জব্দ করা হয়।

এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক যাত্রীকে সন্দেহভাজন হিসেবে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে ওই যাত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি সোনার ‘ডিম’ উদ্ধার করা হয়।

অন্যদিকে, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা অবস্থায় আরও তিনটি সোনার ‘ডিম’ জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এগুলোর ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সোনার ডিমগুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তবে দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জব্দ করা সোনার প্রকৃত উৎস, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ নিউজ