শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন। একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল একটি পূর্ণাঙ্গ জনযুদ্ধ, যাতে এ দেশের আপামর মানুষ একত্রিত হয়েছিল এবং তার সঠিক নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি আরও উল্লেখ করেন, জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকারের সময় যেমন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ সভাপতিত্বের গৌরব অর্জন করেছিল, তেমনি বর্তমান সরকারের আমলেও বাংলাদেশ পুনরায় জাতিসংঘের অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছে—যা শুধু দেশপ্রেমিক বিএনপি সরকারের সময়ই সম্ভব হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

