ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপ-হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংকের কলকাতায় কর্মরত কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. খালেদ। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয় এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ সময় দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সভাপতির বক্তব্যে উপ-হাইকমিশনার মো. খালেদ বলেন, ৭ই নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনে এক অনন্য অনুপ্রেরণার উৎস। ঐতিহাসিক সংহতির মূলমন্ত্র ধারণ করে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কেবল নতুন প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দেশের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। পরিশেষে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

