আইনবহির্ভূতভাবে নিয়োগে বাধা দিলে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে দায়ের করা রিট পিটিশনে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

মামলার বিবরণ

কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় বিধি মোতাবেক অংশগ্রহণ করে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন মোঃ জাহাঙ্গীর আলম। কিন্তু ম্যানেজিং কমিটি কোরাম সংকটের অজুহাত দেখিয়ে তাঁকে নিয়োগ প্রদান না করায় তিনি সংক্ষুব্ধ হয়ে আবেদনকারী হিসেবে মহামান্য হাইকোর্ট বিভাগে ১১১৯৯/২০১৯ নম্বর রিট পিটিশন দায়ের করেন। আবেদনকারীর প্রার্থিত প্রতিকার বিবেচনায় মহামান্য আদালত রুল নিশি জারি করেন।

উক্ত রিট পিটিশনে বিবাদী করা হয়—

১। সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়;

২। মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর;

৩। উপসচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ;

৪। চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড;

৫। পরিদর্শক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড;

৬। সভাপতি, ম্যানেজিং কমিটি, হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট;

৭। ভারপ্রাপ্ত অধ্যক্ষ, হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট, কিশোরগঞ্জ।

দীর্ঘ শুনানি শেষে মাননীয় বিচারপতি কে. এম. হাফিজুল আলম এবং মাননীয় বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ ২৬-১১-২০২৬ খ্রিষ্টাব্দে উক্ত রিট পিটিশনের রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। পরবর্তীতে আদালত রায় প্রদান করে এ মর্মে রুল ডিসচার্জ করেন যে, ম্যানেজিং কমিটি বা গর্ভর্নিং বডির বিরুদ্ধে রীট রক্ষণীয় নয়। সাথে সাথে মাননীয় আদালত নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেন:

১। কোনো আবেদনকারী আইনানুগ প্রক্রিয়ায় কোনো স্কুল বা কলেজে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হলে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি অথবা উক্ত কমিটির সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কোনো যৌক্তিক কারণ ছাড়া তাঁকে নিয়োগ থেকে বঞ্চিত করতে পারবেন না।

২। কোনো যোগ্য আবেদনকারীকে অযৌক্তিকভাবে নিয়োগ থেকে বঞ্চিত করা হলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি অথবা উক্ত কমিটির সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেছেন।

৩। এ ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল এবং সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও স্থগিতকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টিও আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্যা মিয়া তবে রায় প্রদানের সময় তিনি উপস্থিত ছিলেন না।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রাফিউল ইসলাম।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মোঃ জে. আর. খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) মোঃ হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন ও শারমিন হামিদ।

সর্বশেষ নিউজ