নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বাজারে আবারও উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮২ টাকা ৭১ পয়সা থেকে ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে ১৮৯ টাকা ০৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিইআরসির জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দর ৫ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার। আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর গড় মূল্য এবং বিপিসির এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার বিবেচনা করে এই দাম সমন্বয় করা হয়েছে।
গত চার মাস ধরে ধারাবাহিকভাবে জেট ফুয়েলের দাম বাড়ছে। আগস্টে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা, যা সেপ্টেম্বরে ১৬৫ টাকা ৬৫ পয়সা, অক্টোবরে ১৮২ টাকা ৭১ পয়সা এবং সর্বশেষ নভেম্বরে বেড়ে ১৮৯ টাকা ০৩ পয়সায় ঠেকল। উল্লেখ্য, এর আগে ২ নভেম্বর এলপিজি সিলিন্ডার এবং সম্প্রতি ডিজেলের দামও কয়েক দফা বাড়ানো হয়েছে।

