শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো শ্রমজীবী মানুষ বা শ্রমিক ভাই-বোনেরা কখনোই নিজেদের শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতি করতে পারেন না, অথচ একটি মহল বিভিন্ন কলকারখানায় গিয়ে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গত ১৫-১৬ বছরে দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে অর্থ-সম্পদ লুটপাট ও বিদেশে পাচার করা পলাতক মহলটিই গণঅভ্যুত্থানের পর এখন সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেন তিনি।
শ্রমিকদের মজুরি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিক ভাই-বোনদের দাবিগুলো পর্যালোচনার জন্য ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ইনশাআল্লাহ, আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে, যাতে তাঁরা ভালোভাবে জীবনযাপন করতে পারেন।’
বাগেরহাট জেলা বিএনপির নেতা ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। পথসভা শেষে প্রধানমন্ত্রী হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

