ঈদে বাজার কাঁপাতে আসছে নতুন নোট, থাকছে ঐতিহ্য ও ইতিহাসের ছোঁয়া

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আসন্ন ঈদকে ঘিরে বাজারে ছাড়ার প্রস্তুতি চলছে নতুন রূপে সাজানো কিছু ব্যাংক নোটের। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। বরং, নতুন নকশাগুলোতে প্রাধান্য পেয়েছে ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস, প্রাকৃতিক সম্পদ এবং মুক্তিযুদ্ধের চেতনা।

নির্ভরযোগ্য সূত্র বলছে, ২০ টাকার নতুন নোট বাজারে আসবে ২৭ মে। এ নোটে কান্তজিউ মন্দির এবং একটি বৌদ্ধ মন্দিরের চিত্র স্থান পাবে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের আঁকা ছবি ও আতিয়া মসজিদের ছবি সম্বলিত ৫০ টাকার নোট বাজারে আসতে পারে ২৯ অথবা ৩০ মে। ১ জুনের মধ্যে বাজারে আসার কথা রয়েছে ১০০০ টাকার নতুন নোট, যেখানে থাকবে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি। অন্যদিকে, কাগজ সরবরাহে বিলম্বের কারণে ঈদের পর ছাড়া হতে পারে ৫ টাকার নতুন নোট, যেখানে থাকবে আবু সাঈদ ও মুগ্ধের অবয়ব।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, নতুন নোটের নকশা ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। বেশ কিছু নোটের ছাপাও শুরু হয়ে গেছে। তিনি বলেন, “এইবারের কোনো নোটে সম্পূর্ণ মানুষের ছবি থাকছে না। তবে নকশায় স্থান পেয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতীক, তারুণ্যের চেতনা, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য।”

এক ব্যাংক কর্মকর্তার ভাষ্যমতে, ৫ টাকার নোটে থাকবে আবু সাঈদ ও মুগ্ধের অবয়ব, ১০ টাকায় ফুটে উঠবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও তরুণদের ঐক্য, ১০০ টাকায় থাকবে সুন্দরবনের বাঘ ও চিত্রা হরিণের দৃশ্য, যা বদলের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। ২০০ টাকায় তুলে ধরা হয়েছে ধর্মীয় সম্প্রীতির প্রতীক—মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডা। আর ৫০০ টাকায় থাকবে ঐতিহাসিক আহসান মঞ্জিলের ছবি।

জানা যায়, গত বছরের আগস্টে মাত্র ১৫ দিনের মধ্যে নকশা চূড়ান্ত করার প্রস্তাব উঠেছিল। তবে বাস্তবতার আলোকে এমন সিদ্ধান্ত সম্ভব হয়নি। কারণ, নোট ছাপার কাগজ, নিরাপত্তা বৈশিষ্ট্যসহ বেশ কিছু উপাদান বিদেশ থেকে আমদানি করতে হয়। পাশাপাশি দরপত্র ও ছাপার প্রক্রিয়ায় সময় লাগে প্রায় ছয় মাস। এ কারণেই পবিত্র ঈদুল ফিতরের আগে নোটগুলো বাজারে ছাড়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম কাগুজে নোট চালু হয় ১৯৭২ সালের ৪ মার্চ। প্রথম নোট ছিল ১ টাকার, যাতে ছিল দেশের মানচিত্র। এরপর ১৯৭৩ সালে ৫, ১০ এবং ১০০ টাকার নোট আসে বাজারে। ৫০ ও ৫০০ টাকার নোট চালু হয় ১৯৭৬ সালে। ২০ টাকার নোট আসে ১৯৭৯ সালে, ২ টাকার নোট চালু হয় ১৯৮৮ সালে। সর্বোচ্চ মূল্যের ১০০০ টাকার নোট বাজারে আসে ২০০৯ সালের ১৭ জুলাই, এবং সর্বশেষ ২০০ টাকার নোট আসে ২০২০ সালে।

সর্বশেষ নিউজ