চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার ঈদগাহ ময়দানে মাদকবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সচেতন মহলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, “অধিকাংশ অপরাধের নেপথ্যের কারণ মাদক। এই ভয়াবহ ব্যাধি থেকে মুক্তির জন্য দরকার সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা। পাশাপাশি সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিতে হবে।
তিনি আরও জানান, সদর উপজেলার ১৪টি ইউনিয়নে প্রতিমাসে গড়ে ৯০ থেকে ১০০টি মাদক মামলা হচ্ছে। সীমাবদ্ধতা সত্ত্বেও অভিযান অব্যাহত আছে। মাদকসেবী ও বিক্রেতাদের তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং প্রথম ১০ জন তথ্যদাতাকে ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। এছাড়া চান্দ্রা ইউনিয়নে নিয়মিত পুলিশি অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা পুলিশও সক্রিয় থাকবে।
সভায় সভাপতিত্ব করেন জুলাই আন্দোলনে নিহত শহীদ তাজুল ইসলামের বাবা আনোয়ার উল্যাহ পাটোয়ারী। বক্তব্য দেন চাঁদপুর জেলা জজ আদালতের আইন কর্মকর্তা ও সমাজসেবক অ্যাডভোকেট মো. শাহজাহান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকুর চাকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক শেখ জয়নাল আবেদীন, সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া, চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, আইনজীবী আব্দুল কাদের খান প্রমুখ।
শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান বলেন, “মাদকের সাথে জড়িত এবং অপরাধ থেকে ফিরে আসতে আগ্রহীদের বিকল্প কর্মসংস্থান তৈরিতে আমি সহযোগিতা করবো। প্রবাসীরাও এ কাজে আগ্রহ দেখিয়েছেন।
অনুষ্ঠানে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবী, সমাজকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি চান্দ্রা বাজার প্রদক্ষিণ করে।
এছাড়া সভায় একটি ‘মাদকবিরোধী অভিযোগ বক্স’ স্থাপন করা হয়। সেখানে স্থানীয়রা গোপনে মাদকসেবী ও ব্যবসায়ীদের নামের তালিকা জমা দেন। আলোচনা শেষে ওই অভিযোগ বক্স পুলিশ সুপারের হাতে তুলে দেন আয়োজক অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

