সাড়ে তিন হাজার টাকার সাইকেলের নিরাপত্তায় চার হাজার টাকায় তালা কিনে আলোচনায় এসেছেন সাতক্ষীরার রবিউল ইসলাম উজ্জ্বল নামের এক যুবক। তার এই কর্মকান্ডে একটি প্রবাদ ছড়িয়ে পড়েছে। প্রবাদটি হলো,জামার চেয়ে গেঞ্জি বড়। মূলত চুরি থেকে রক্ষা পেতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিউল ইসলাম সাড়ে তিন হাজার টাকা মূল্যে একটি পুরাতন বাইসাইকেল কিনে তার নিরাপত্তার জন্য চার হাজার টাকায় শিকল ও তালা কিনেছেন। সম্প্রতি সাতক্ষীরায় চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। রবিউল ইসলাম একজন মার্শাল আর্ট প্রশিক্ষক। ইতো পূর্বে দু’দুবার সাইকেল চুরি হয়। এখন তিনি চুরির আতঙ্কেই আছেন। সাতক্ষীরা শহরের মার্শাল আর্ট প্রশিক্ষক রবিউল ইসলাম উজ্জ্বল বলেন, ৩৫০০টাকায় কেনা সাইকেল রক্ষায় তিনি এখন ব্যয় করেছেন প্রায় ৪০০০টাকার তালা ও জাহাজের শিকল! তার ভাষায়,সাইকেলের চেয়ে এখন তালার দাম বেশি।
রবিউল ইসলাম উজ্জ্বল সাতক্ষীরা পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মুনজিতপুর এলাকার বাসিন্দা। পেশায় তিনি কেরাতে ব্ল্যাক বেল্ট সেকেন্ড ডান এবং উসু কুংফু ব্ল্যাক বেল্ট সেকেন্ড ডানধারী মার্শাল আর্ট প্রশিক্ষক। পাশা পাশি নার্সারির ব্যবসা করেন এবং শহরের বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার সরবরাহ করেন।
রবিউল ইসলাম উজ্জ্বল বলেন,আমার দুই বার সাইকেল চুরি হয়েছে এবং দুই বার চুরির চেষ্টা হয়েছে। পরে বাধ্য হয়ে জাহাজের শিকল ও দামী তালা কিনেছি। দুটো সাইকেল হারানোর পর ৩৫০০টাকা দিয়ে সাইকেল কিনেছিলাম। সাইকেল আর তালার দাম মিলে পড়েছে প্রায় ৪০০০টাকার মতো। চিন্তা করছি সাইকেলে মিউজিক ফিট করব স্পর্শ করলেই যেন বেজে ওঠে। এখন বড় শিকল ও তালা ঝুলে থাকে বলে আমার সাইকেল সবাই চেনে। আশেপাশে কেউ একই রঙের সাইকেল চালালেই মানুষ বলে ‘এইটা উজ্জ্বলের না?’ তাই এখন আর কেউ চুরি করতে পারে না।
সাতক্ষীরা বড়বাজারের পারভেজ হার্ডওয়্যারের পরিচালক পিকু বরকতউল্লাহ বলেন,বেশ কিছু দিন ধরে তালা ও শিকলের বিক্রি বেড়েছে। আমাদের দোকানে ১,৫০০টাকার তালা বিক্রি হচ্ছে, আর জাহাজের শিকল কেজি প্রতি ২৫০টাকা। মানুষ এখন বাইসাইকেল বাঁচাতেই বেশি বিনিয়োগ করছে।
চুরির আতঙ্কে তালা-শিকলের বিক্রি বাড়লেও শহরে চুরি কমছে না। সম্প্রতি এক চুরির ঘটনায় চোরের আচরণে হতবাক হয়েছেন স্থানীয়রাও। মোটরসাইকেল চুরি করে ‘সার্ভিসিং’ করে ফেরত দিয়েছে চোর।
সাতক্ষীরা জামায়াতে ইসলামী জেলা অফিস থেকে শহর যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবু তালেবের মোটর সাইকেলটি সম্প্রতি চুরি হয়ে যায়। কিন্তু চোরের আচরণে ঘটনার মোড় ঘুরে যায়। চোর নিজ পরিচয় গোপন রেখে মোটরসাইকেলটি দূরে ফেলে না দিয়ে বরং কালিগঞ্জ থানায় রেখে যায় তাও আবার সার্ভিসিং করে ও নতুন তালা লাগিয়ে এক্কেবারে নিউলুকে।
সাতক্ষীরা শহর যুব বিভাগের সভাপতি এড. আবু তালেব জানান,চোরের কাণ্ড দেখে হতবাক হয়েছি। মোটরসাইকেল চুরির পরে আমরা থানায় অভিযোগ দিয়েছিলাম। ভিডিও ফুটেজ দেখে বিভিন্ন মাধ্যম দিয়ে চুরির ঘটনায় জড়িতদের নাম ঠিকানা পুলিশের কাছে দিয়েছি। তাছাড়া মোটর সাইকেল রেখে যাওয়ার সময় থানার ফুটেজ দেখে চোর শনাক্ত করার কথা ছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে চোর আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে মাফ চায়। বলে ভুল করে আপনার মোটর সাইকেল নিয়েছি, আপনি জামায়াত করেন জানতাম না। আপনার গাড়ি কালিগঞ্জ থানায় রেখে এসেছি, মিটার গার্ডের মধ্যে চাবি রেখেছি।
তিনি আরও বলেন,আমি লোক পাঠিয়ে মোটর সাইকেল নিয়ে আসি। নিশ্চিত হওয়ার পর চোর ফোন বন্ধ করে দেয়। এমন ঘটনা আমি আগে কখনও শুনিনি চোর মোটর সাইকেল সার্ভিসিং করে নতুন তালা লাগিয়ে থানায় রেখে গেল এই ঘটনার পরেও পুলিশ এখনো অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এড.আবু তালেবের প্রশ্ন,যদি আমাদের মতো মানুষ থানায় অভিযোগ দিয়েও চোর ধরতে না পারি, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা বোঝেন।
বাইসাইকেল,মোটর সাইকেল ও বাসা বাড়িতে চুরির ঘটনা এখন সাতক্ষীরার শহরে নিয়মিত। ইতো মধ্যে ২৪ঘন্টার ব্যবধানে সাতক্ষীরা শহরের সাংবাদিক, ব্যাংকার ও জুয়েলারি ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় তিন কোটি টাকার মালামাল চুরি হয়েছে।
কেউ চোর ধরার জন্য সিসিটিভি লাগাচ্ছেন,কেউ কিনছেন জাহাজের শিকল,আবার কেউ চিন্তা করছেন ‘স্মার্ট সিকিউরিটি’ যেমন উজ্জ্বল ভাবছেন মিউজিক বাজানো ব্যবস্থা।
এ ব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.মুকিত হাসান খান বলেন,বিষয়টি নিয়ে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। চোর সনাক্তকরণে পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই সহ যে কোন ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশী টহল আরও জোরদার করা হয়েছে।

