আগামী জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও তার ওপর গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান। তিনি বলেন, নভেম্বরের মধ্যে গণভোট ছাড়া নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে দেশে নতুন সঙ্কট সৃষ্টি হবে।
সোমবার বিকেল ৪টায় চাঁদপুর শহরের বিপণীবাগ জেলা কার্যালয়ের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ শহর শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাফেজ মাকসুদুর রহমান বলেন, “জনগণের মতামত উপেক্ষা করে সরকার যদি একতরফা নির্বাচন আয়োজনের পথে এগোয়, তা হলে তা জাতীয় অস্থিতিশীলতা ও রাজনৈতিক সংকটকে আরও গভীর করবে। সচিব থেকে ডিসি-এসপি পর্যন্ত ভাগবাটোয়ারা চলছে। এ ধরনের প্রশাসনিক নিয়ন্ত্রণে নির্বাচনের নামে তামাশা জনগণ সহ্য করবে না।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সেই আলোকে নির্বাচন আয়োজন করলেই কেবল দেশে শান্তি ফিরবে। অন্যথায় ইসলামী আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর শহর সভাপতি মাওলানা আবদুল্লাহ আল-মামুন। এতে আরও বক্তব্য দেন জেলা সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, ডা. বেলাল হোসাইন, মাওলানা মজিবুর রহমান, শাহজামাল গাজী সোহাগ ও যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে বিপণীবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চিত্রলেখা মোড় হয়ে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক অতিক্রম করে বায়তুল আমিন চত্বরে শেষ হওয়ার কথা থাকলেও, যানজটের কারণে সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

