আমরা একটি আদর্শ, ন্যায়নিষ্ঠ ও মানবিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: অ্যাডভোকেট শাহজাহান

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেছেন।

শনিবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত পথসভায় তিনি এলাকাবাসীর কাছে দাড়িপাল্লা মার্কায় ভোট ও দোয়া চান। বক্তব্যে তিনি বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দাড়িপাল্লা প্রতীকই পরিবর্তনের প্রতীক। জনগণের আস্থা ও ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “আমরা একটি আদর্শ, ন্যায়নিষ্ঠ ও মানবিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে মেধা ও নৈতিকতার বিকাশ ঘটবে, তরুণরা হবে দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তার মধ্য দিয়েই আমরা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ন্যায়বিচার ও স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা পরিবর্তনে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কালাম, ইউনিয়ন সংগঠনিক সম্পাদক ডা. ওমর ফারুক, সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহসহ স্থানীয় নেতারা।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবক, ব্যবসায়ী ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পথসভায় অংশ নেন। সভা শেষে অ্যাডভোকেট শাহজাহান মিয়া স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।

সর্বশেষ নিউজ