চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের গৌরীপুর সংলগ্ন বড় ব্রিজের উত্তর পাশে স্থাপিত বাংলাদেশ জামায়াতে ইসলামের একটি স্থায়ী গেটের ব্যানার ছিঁড়ে নষ্ট করে দিয়েছে দুষ্কৃতকারীরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে স্থানীয়রা গেটটির দুই পাশে ঝোলানো ব্যানারগুলো ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি নিশ্চিত হন।
স্থানীয়দের ভাষ্য, বুধবার রাত পর্যন্ত গেটটি অক্ষত ও স্বাভাবিক অবস্থায় ছিল। তবে সকালে এসে দেখা যায়—ব্যানারগুলো কেটে ফেলা হয়েছে এবং গেটটির আকৃতি বিকৃত করে দেওয়া হয়েছে। তাদের ধারণা, এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা উদ্দেশ্যপ্রণোদিত বিশৃঙ্খল সৃষ্টির অংশ হতে পারে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো তথ্য মেলেনি।
সাচার ইউনিয়নের জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক কবির হোসেন মোল্লা বলেন,
“আমরা এখনো কাউকে সন্দেহ করছি না। কিন্তু যারা এ কাজটি করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীও। তারা বলেন, নির্বাচনে প্রতিযোগিতা থাকবে—এটাই স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার নামে অস্থিরতা কেউই চাই না। সব পক্ষ যেন পরস্পরকে সম্মান দেখায় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে—এটাই আমাদের প্রত্যাশা।
স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে।

