মৌলভীবাজারে লাইসেন্স ছাড়া এলপিজি বিক্রি, দুই মামলায় জরিমানা

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার প্রতিনিধি
spot_img
spot_img

মৌলভীবাজার শহরে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রিতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। লাইসেন্স না থাকায় দুটি মামলা করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) শহরের শমসেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।

অভিযানকালে এলপিজি গ্যাস বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই করা হয়। সংশ্লিষ্টদের মধ্যে যাদের প্রয়োজনীয় লাইসেন্স পাওয়া যায়নি, তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইন, ১৮৮৪-এর ৫(৩) ধারায় দুটি মামলা করা হয়। একই সঙ্গে মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় সিলেটের সহকারী বিস্ফোরক পরিদর্শক মোস্তফা ফারুক উপস্থিত ছিলেন।

অভিযানে ব্যবসায়ীদের বৈধ লাইসেন্স গ্রহণ, প্রযোজ্য আইন ও বিধিবিধান মেনে চলা এবং নিরাপদ উপায়ে এলপিজি গ্যাস সংরক্ষণ ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। সংশ্লিষ্টদের জানানো হয়, অনুমোদন ছাড়া বা ঝুঁকিপূর্ণ পরিবেশে এলপিজি বিক্রি ও সংরক্ষণ জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি বলেন, এ ধরনের অভিযানের মূল উদ্দেশ্য শুধু জরিমানা আদায় নয়; বরং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধ করা। তিনি এলপিজি গ্যাস বিক্রি ও সংরক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

সর্বশেষ নিউজ