৫ দফা দাবিতে মৌলভীবাজারে নৃগোষ্ঠীর নাগরিকদের বিক্ষোভ, ডিসির কাছে স্মারকলিপি

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার প্রতিনিধি
spot_img
spot_img

পানপুঞ্জিতে হামলা, পানগাছ ও অন্যান্য গাছপালা কেটে ফেলার প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিভিন্ন নৃগোষ্ঠীর নাগরিকরা। কর্মসূচি শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে কুলাউড়া, বড়লেখা, শ্রীমঙ্গলসহ জেলার বিভিন্ন এলাকা থেকে নৃগোষ্ঠীর নাগরিকরা মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে জড়ো হন। বেলা ১১টার দিকে মানববন্ধন শুরু হয়। এতে পাঁচটি সংগঠনের ব্যানারে শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট ডাডলি ডারিক প্রন্টিস, জাসদ সভাপতি আ স ম সালেহ সোহেল, অ্যাডভোকেট আবুল হাসান, মানবাধিকারকর্মী ফাদার জোসেফ গোমেজ, খাসি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক লেংচার টংপেয়ার এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলার সভাপতি ফ্লোরা বাবলি তালাং।

বক্তারা অভিযোগ করেন, গত ৩০ সেপ্টেম্বর কুলাউড়ার কর্মধা ইউনিয়নের নার্সারি পুঞ্জিতে হামলা চালিয়ে প্রায় ৮ হাজার পানগাছ কেটে ফেলা হয়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা আরও দাবি করেন, বিভিন্ন সময়ে পুঞ্জি দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে হাজারো ফলবান পানগাছ ও অন্যান্য গাছপালা কেটে ফেলা হয়েছে। ২৮ মার্চ ইছাছড়া পানপুঞ্জিতেও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

ফ্লোরা বাবলি তালাং বলেন, ধারাবাহিক হামলার ঘটনায় পুঞ্জিগুলোতে আতঙ্ক বিরাজ করছে। জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় না আনলে ঢাকায়ও কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন তারা। জেলা প্রশাসক তৌহীদুজ্জামান পাভেল স্মারকলিপি গ্রহণ করেন এবং শিগগির কুলাউড়ায় গিয়ে নৃগোষ্ঠীর নাগরিকদের সঙ্গে বসে সমস্যাগুলো শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

কর্মসূচিতে বাংলাদেশ আদিবাসী ফোরাম, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন, খাসি স্টুডেন্টস ইউনিয়ন, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটি এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) অংশ নেয়।

সর্বশেষ নিউজ