টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাত স্ল্যাবে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর নির্মাণাধীন সেতুতে কাজ চলার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তারা বাধা দিলে কাজ বন্ধ করা হলেও পরে রাতে আবার ঢালাই শেষ করা হয় বলে অভিযোগ রয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন ও উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা প্রকৌশলী বলেন, নিয়ম মেনে কাজ হয়নি এবং যেসব অংশ নিম্নমানের হয়েছে সেগুলো ভেঙে পুনরায় করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও জানিয়েছেন, দ্রুত তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদার অবশ্য দাবি করেছেন, বাঁশ শাটারিংয়ের কাজে ব্যবহার করা হয়েছিল।

