জামালপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে জামালপুর-৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। ১০৫৩ নম্বর সীমান্ত পিলারের কাছে গাছবাড়ি নামক স্থানে দাঁতভাঙা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পরে উদ্ধার করা মদের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয় ১ লাখ ৯৮ হাজার টাকা।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

