মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কুলাউড়ার সঞ্জরপুর গ্রামের মো. হারিছ আলী (৩৫) ও আবুল আলী (৪৫) অপর ছয়জনকে ভারতে পালাতে সহযোগিতা করছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাকি ছয়জন হলেন—গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আমিনুর শরীফ (৪২), মো. মফিজুর শিকদার (৪৩), কামরুল মোল্যা (৪৬), ইয়ামিন মোল্যা (৪৫), সুখলাল বিশ্বাস (৪১) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মো. জিহাদ সরদার (৪০)।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে কোনো বৈধ পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়নি। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

