জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্রজনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’সহ মোট তিনটি অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ২৯তম বৈঠকে এসব খসড়া অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত তিনটি অধ্যাদেশের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ১. জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্রজনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ ২. সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ৩. মৎস্য সংরক্ষণ ও নিরাপত্তা সংক্রান্ত একটি অধ্যাদেশ।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে, সংস্কার কমিশনের সুপারিশগুলোর বাস্তবায়নযোগ্যতা ও সম্ভাব্য বাস্তবায়ন সময়সীমা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ তাদের বিশ্লেষণ ও মতামত উপস্থাপন করবে। এই মতামতগুলো মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে এবং সমন্বয়ের দায়িত্বেও থাকবে মন্ত্রিপরিষদ বিভাগ।
এছাড়াও, বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ—প্রতিরক্ষা সরঞ্জাম ও সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাবও এই বৈঠকে অনুমোদিত হয়েছে।

